গোয়ালন্দে মুচলেকা দিয়ে রক্ষা পেলেন ইউপি সদস্য

লকডাউন অমান্য করে জনসমাগম করে শালিস বৈঠকের আয়োজন করেছিলেন গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গনি মন্ডল। পরে তিনি এ ধরনের কাজ করা উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা দিয়ে রক্ষা পান। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে।

গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গনি মন্ডল সোমবার তার এলাকায় একটি বিরোধপূর্ণ বিষয়ে দুই পক্ষকে নিয়ে সালিসে বসেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শালিস বন্ধ করে দেয় এবং গনি মন্ডলকে ইউপি কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তিনি সালিসের কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেন। পরে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ও তাকে সতর্ক করে শাস্তি হতে রেহাই দেওয়া হয়।

এ বিষয়ে আবদুল গনি মন্ডল বলেন, ‘গত ১৫ এপ্রিল স্থানীয় বরকত সরদার পাড়ায় মারামারি হয়। তাতে আহত হয়ে কয়েকজন হাসপাতালে রয়েছেন। আবার ওই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে আমি দুই পক্ষকে শান্ত করি এবং এ মামলার তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছিলাম। এ ঘটনাকেই হয়তো কেউ রং লাগিয়ে প্রশাসনকে জানিয়েছে।’

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু বলেন, লকডাউনে যেকোনো ধরনের জমায়েত নিষিদ্ধ।