করোনা নিয়ে ৪০ কোটি ভুয়া পোস্ট সরাল ফেইসবুক

ফেইসবুকে নভেল করোনাভাইরাস নিয়ে ভুয়া খবর রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক। বৈশ্বিক মহামারী পরিস্থিতি তথ্য শেয়ার করতে ইউজারদের সতর্ক হতেও আহ্বান জানান ফেইসবুকের কর্ণধার মার্ক জাকারবার্গ। ইনডিয়ান এক্সপ্রেস জানায়, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে প্রায় ২০০ কোটি ইউজার করোনা নিয়ে একাধিক বার্তা শেয়ার করছেন। যার ফলে হু হু করে ছড়িয়ে পড়ছে ভুয়া পোস্ট। যারা করোনা-সংক্রান্ত তথ্য জানতে একাধিক পেজে লাইক দিয়ে রেখেছেন, তাদের সতর্ক হওয়ার আহ্বান জানান জাকারবার্গ। সেই সঙ্গে ভুল তথ্য শেয়ার না করে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

সম্প্রতি ৫০টিরও বেশি ভাষার কোটি কোটি পোস্ট ৬০টি ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনের মাধ্যমে যাচাই করে দেখছে ফেইসবুক। এই কাজ মার্চ মাস থেকে শুরু হয়েছে। মানুষের জন্য ক্ষতি হতে পারে এমন পোস্ট পেলেই ফেইসবুক দ্রুত সেসব মুছে ফেলছে। জাকারবার্গ জানান, প্রতি হাজারে ১০০টি করে করোনাভাইরাস-সংক্রান্ত ভুল তথ্য সরিয়ে ফেলতে হয়েছে। যার মধ্যে রয়েছে, করোনা পরিস্থিতিতে যৌন সঙ্গমে নিষেধাজ্ঞা, ভাইরাস দূর করতে ব্লিচ খেতে হয় ইত্যাদি ভুল তথ্য রয়েছে। মার্চ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমটির ফ্যাক্ট-চেকাররা এ ধরনের প্রায় ৪০ কোটির মতো পোস্ট খুঁজে পেয়েছে, যা করোনা সম্পর্কিত। এ ছাড়া কিছু ক্ষেত্রে শেয়ার কমিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি ওই বার্তার সঙ্গে সতর্কতার লেবেল জুড়ে দেওয়া হচ্ছে। যাতে ইউজার সহজে বুঝতে পারে কোন বার্তা নকল বা ভুয়া। এর মধ্যে ফেইসবুক নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। যার নাম ‘গেট দ্য ফ্যাক্ট’। এখন থেকে আপনি সহজে যাচাই করে নিতে পারবেন কোনটা সঠিক আর কোনটা ভুল।