রাজারবাগে করোনা কিট জব্দ, ৩ জনের জেল-জরিমানা

ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট বেচাকেনার অপরাধে রাজধানীর রাজারবাগ এলাকার শহীদবাগে তিনজনকে ১ বছর ৯ মাস করে কারাদণ্ড দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যামাণ আদালত। সেই সঙ্গে তাদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নম্বর গেটের বিপরীতে অভিযান পরিচালনা করে তাদের এ জরিমানা করা হয়। এ সময় সেখান থেকে আনুমানিক ৩০০ করোনা টেস্টিং কিট জব্দ করা হয়। যেগুলোর অনুমোদন ছিল না।

অভিযান পরিচালনাকারী র‌্যাব-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়া করোনাভাইরাসের টেস্টিং কিট বেচাকেনার দায়ে ওষুধ আইন অনুযায়ী প্রত্যেককে ১ বছর ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছে।