ভাড়াটিয়া বের করে দেওয়া সেই বাড়িওয়ালা গ্রেপ্তার

রাজধানীর কাঁঠালবাগানে এক মাসের ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে মারধর করে বের করে দেওয়া বাড়িওয়ালা নুর আক্তার শম্পাকে আটক করেছে র‌্যাব-২। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।ভাড়াটিয়া বাদী হয়ে কলাবাগান থানায় মামলা করেছিলেন। তাকে গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ চন্দ্র।

এদিকে র‌্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন বলেন, ‘ওই বাড়িওয়ালাকে আমরা নিয়মিত নজরদারিতে রেখেছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করি। জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

গত রবিবার রাতে ৫৮/৭ নম্বর, পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় এক মাসের ভাড়া বাকি থাকায় দুই মাসের নবজাতক শিশুসহ তিন সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। তখন র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানান। গভীর রাত পর্যন্ত পুলিশ-র‌্যাব ওই ভাড়াটিয়াকে নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। তবে বাড়িওয়ালা শম্পা তাদের বাড়িতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন। এরপর ওই ভাড়াটিয়াকে নিয়ে পুলিশ কলাবাগান থানায় যায়। সেখানে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে মামলা করেন ভাড়াটিয়া। এরপর ভাড়াটিয়া সন্তান নিয়ে তার মায়ের বাসায় চলে যান।