ডা. জাফরুল্লাহর দাবি

গণস্বাস্থ্যের কিট যাচাইয়ে লাগছে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনা টেস্ট কিটের কার্যকারিতা যাচাইয়ে কভিড-১৯ আক্রান্ত রোগীর রক্তের নমুনা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল মঙ্গলবার রাতে দেশ রূপান্তরের কাছে দুঃখ প্রকাশ করে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে ডা. জাফরুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা করলেও স্বাস্থ্য অধিদপ্তর গণস্বাস্থ্য কেন্দ্রকে প্রয়োজনীয় সহযোগিতা করছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে গণস্বাস্থ্যের প্রতিনিধি বসে থাকলেও তাদের করোনা আক্রান্ত রোগীর রক্তের নমুনা দেওয়া হচ্ছে না। যদিও তা গণস্বাস্থ্যের তৈরি কিট যাচাইয়ে দরকার।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাকে ফোন করে করোনা পরীক্ষা কিট তৈরির অগ্রগতির কথা জানতে চাচ্ছেন। ওইসব দেশ এই কিট নিতে চায়।

কোন কোন দেশ থেকে কিট চাওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, কেনিয়া, ইন্দোনেশিয়া এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও আমাকে ফোন দিয়েছে কিটের বিষয়ে। তারা গণস্বাস্থ্য থেকে এই কিট নিতে চায়। তারা তাদের দেশে বিভিন্ন হাসপাতালে এই কিট সরবরাহ করবে।’  

‘কিন্তু আমাদের দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা কোনো খবর রাখেন না। এমনকি প্রয়োজনীয় সহযোগিতা করছে না। বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ সফল হোক এটা আমাদের দেশের কিছু মানুষ চান না। অথচ এই করোনা পরীক্ষার কিট তৈরি হলে দেশ উপকৃত হবে। স্বল্পমূল্যে ও কম সময়ে করোনাভাইরাসের টেস্ট করা যাবে’ যোগ করেন তিনি।

তিনি বলেন, গণস্বাস্থ্যের ল্যাবে কিট তৈরির কাজ এগিয়ে চলছে। আগামী শনিবার কিট সরকারের কাছে সরবরাহ করা হবে। কিটের কার্যকারিতা যাচাইয়ের জন্য করোনাভাইরাসে আক্রান্ত রোগীর রক্তের নমুনা দরকার ছিল।

এরপর গতকাল রাতে ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের অসহযোগিতার কথা প্রধানমন্ত্রী কার্যালয়কে অবহিত করেছি। তারা বলেছে, বুধবার (আজ) স্বাস্থ্য অধিদপ্তরকে রক্তের নমুনাসহ সার্বিক সহযোগিতা দিতে নির্দেশনা দেওয়া হবে।’