ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী করোনায় আক্রান্ত

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর গতকাল মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসে। তাকে জিঞ্জিরায় করোনার জন্য বিশেষায়িত ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত ওই কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বন্দিদের পাহারার দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

কারারক্ষীর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি) তৌহিদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘বেশ কিছুদিন আগে ওই কারারক্ষী অসুস্থ হয়ে পড়লে তাকে আইসোলেশনে পাঠানো হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন। তার চিকিৎসা চলছে।’

অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘ওই কারারক্ষী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন কারাবন্দিদের ডিউটি করতেন। তাকে জিনজিরায় ২০ শয্যার করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের কারাগারে এখন পর্যন্ত কোনো বন্দির করোনা পজিটিভ হয়নি। আমরা সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছি। কারারক্ষীরা ডিউটিতে যাওয়ার আগে তাদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। তাছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।’