সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান নিজের একটি স্মরণীয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। করোনাভাইরাস আক্রান্ত ও দুস্থদের সহায়তায় জন্য ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যবহৃত জার্সি নিলামে তুলবেন তিনি।
বাংলাদেশি রেফারিদের মধ্যে তৈয়ব হাসান সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। ১৯৯৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাঁশি বাজিয়েছেন তিনি। অবসরে যাওয়ার আগ পর্যন্ত ২৫ বছরের রেফারিং ক্যারিয়ারে প্রায় ১০০ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন তিনি।
সাতক্ষীরার এই রেফারির ক্যারিয়ারে রয়েছে কত সব স্মৃতি। যার মধ্যে অন্যতম দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি হিসেবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করা।
২০১৩ সালে নেপালে অনুষ্ঠিত সাফের ফাইনাল পরিচালনা করেন তৈয়ব হাসান। সেই ম্যাচে যে জার্সি পড়ে খেলেছিলেন সেটিই নিলামে তোলার ঘোষণা দিয়েছেন তৈয়ব হাসান। তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ।
ফুটবল অঙ্গনে তৈয়ব হাসানই প্রথম এ রকম উদ্যোগ নিলেন। ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত তার প্রিয় ব্যাট নিলামে তুলেছেন।
মুশফিকুর রহিম ঘোষণা দিয়েছেন প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার। মোহাম্মদ আশরাফুল তার টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাট ও কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।