করোনাভাইরাস পরিস্থিতিতে আমদানি-রপ্তানি চালু রাখতে সব কাস্টম হাউস ও কাস্টমস স্টেশনে দাপ্তরিক কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল এনবিআরের কাস্টমস ও নীতি বিভাগের দ্বিতীয় সচিব মোহাম্মদ মেহেরাজ-উল-আলম সম্রাটের সই করা চিঠিতে পুনরায় ওই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, অভ্যন্তরীণ সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখার সুবিধার্থে দেশের সব কাস্টম হাউজ ও কাস্টমস স্টেশনগুলোতে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তবে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। দাপ্তরিক কার্যক্রম পরিচালনার সময় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।