অগ্রাধিকার ভিত্তিতে পণ্য খালাসের অনুরোধ

চট্টগ্রাম বন্দর থেকে অগ্রাধিকারের ভিত্তিতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএসহ সব আমদানিকারককে আমদানি করা কন্টেইনার খালাসের অনুরোধ জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এক বিবৃতিতে এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয় এক নির্দেশনায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বন্দরে বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের থাকা পণ্যের কন্টেইনার খালাস করে তাদের বন্ডেড ওয়্যারহাউজে রাখার নির্দেশনা দেয়। পরের দিন এই নির্দেশনা সংযুক্ত করে চিঠির মাধ্যমে সদস্যদের বিষয়টি জানিয়ে দেয় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। নির্দেশনায় বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারণ ছুটির কারণে আমদানিকারকরা পণ্য ডেলিভারি না নেওয়ায় চট্টগ্রাম ও অন্যান্য বন্দরে (বিমান ও নৌ) কন্টেইনারের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ফলে বন্দরগুলোতে নতুন কন্টেইনার নামানো বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।