ভারত লকডাউনের আগে ‘থালাইভি’ সিনেমার শেষপর্যায়ের শ্যুটিং করছিলেন বলিউড কুইন কঙ্গনা রানৌত। তবে সিনেমার পুরো কাজ শেষ করতে পারেননি। তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জে. জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। করোনাভাইরাসের এই পরিস্থিতিতে যেহেতু ‘থালাইভি’ সিনেমার শ্যুটিং বন্ধ আছে, তাই এটির কলাকুশলীদের রোজগারও বন্ধ। শুধু এই সিনেমা নয়, বলিউডের সব কলাকুশলীর আয় বন্ধ। ফলে স্বল্প আয়ের কুশলীরা আর্থিক সমস্যায় ভুগছেন। এই দুঃসময়ে অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছেন। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার, হৃতিক রোশনের পর সেই তালিকায় যোগ দিলেন কঙ্গনা। চলচ্চিত্রকর্মীদের জন্য ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন তিনি। শুধু শ্রমিকদের পাশেই নয়, করোনা মোকাবিলায় এর আগেও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখের অনুদান দেন কঙ্গনা।
এদিকে, বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াও দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কর্মহীন হয়ে পড়া অভিবাসী শ্রমিকদের ৫০ টনেরও বেশি খাদ্যপণ্য সরবরাহ করেছেন তিনি। মুম্বাইয়ের বস্তি, আশ্রয়কেন্দ্র ও বৃদ্ধাশ্রমের ১০ হাজারেরও বেশি মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হবে। তামান্নাকে ত্রাণ বিতরণে সহযোগিতা করেছে ‘লেটস অল হেল্প’ নামক একটি এনজিও। ৩০ বছর বয়সী এই তারকা এক বিবৃতিতে বলেন, ‘কভিড-১৯ মহামারীর প্রকোপ লাখ লাখ মানুষের জীবনে দুঃসহ প্রভাব ফেলেছে। আমরা প্রত্যেকেই উদ্বিগ্ন। তবু হাজার হাজার দিনমজুর ও অভিবাসী শ্রমিকের কথা ভাবুন, যারা জীবিকা নির্বাহের পথ হারিয়ে ফেলেছে। এত দীর্ঘ সময় ধরে কর্মহীন থাকার কারণে নিজের ও পরিবারের হাল ধরে রাখা তাদের জন্য খুব কঠিন। তাই লকডাউনে যেন কাউকে ক্ষুধা নিয়ে না ঘুমাতে হয়। সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে উদারভাবে অনুদান দেওয়ার আহ্বান জানাচ্ছি।’