নিলামে উঠছে কিংবদন্তি মোনেম মুন্নার জার্সি

করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়ে অসহায়দের পাশে দাঁড়াতে প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

কিংবদন্তি মুন্নার অধিনায়কত্বেই ১৯৯৫ সালে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা জয় করে বাংলাদেশ। মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতির আসরে মুন্না যে জার্সি পড়ে খেলেছিলেন, সেই স্মৃতিময় জার্সিই নিলামে তুলে অসহায়দের জন্য অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন তার স্ত্রী সুরভী মোনেম।

সংবাদমাধ্যমকে সুরভী মোনেম বলেন, ‘বিদেশে এ ধরনের কার্যক্রম হয়। আমি সব সময় নিজেকে প্রশ্ন করতাম কেন বাংলাদেশে এমন কিছু হয় না। যদি মুন্নার জার্সি চলমান এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহে ব্যবহার করা যায় তবে আমার জন্য সেটি অনেক বড় অর্জন হবে।’

প্রয়াত মুন্নার এই জার্সি তার স্ত্রীর ও পরিবারের জন্য অনেক আবেগের। ২৫ বছর ধরে যত্নে রেখে দেওয়া জার্সিটা তবু হাত ছাড়া করতে দ্বিধা নেই সুরভী মোনেমের, ‘আজ যদি মুন্না বেঁচে থাকত, ও মানুষের সাহায্যের জন্য আরো অনেক বড় কিছু করত। ও এমন মানুষ ছিল, পকেটে ৫ টাকা থাকলে প্রয়োজনে বাজার করা বাদ দিয়ে সেটা মানুষকে দিত।’  

তিনি যোগ করেন, ‘মুন্নার স্মৃতি সর্বদা আমার সঙ্গে থাকবে, মরে যাওয়ার আগ পর্যন্ত আমার হৃদয়ে থাকবে। আমার কাছে কিছু জার্সি এবং বুট রয়েছে। এগুলো ছাড়াও আগেই তার বেশ কিছু স্মারক মানুষের সাহায্যের জন্য দিয়েছে।’

করোনাকালে অসহায়দের সাহায্যের জন্য বুধবার ক্রিকেটার সাকিব আল হাসান তার ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছিলেন। যেটি বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। মুশফিকুর রহিম দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করার ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

আরেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল নিলামে তুলতে যাচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির ইতিহাস গড়া ব্যাট ও কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরির ব্যাট।

ফুটবলারদের মধ্যে মুন্নার জার্সি ছাড়াও আলফাজ আহমেদ নিজের জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। ১৯৯৯ সালে কাঠমান্ডু সাফ গেমসের ফাইনালে আলফাজের গোলেই শিরোপা জয় করে বাংলাদেশ। সেই ফাইনালের জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ ছাড়া সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যবহৃত জার্সি নিলামে তুলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনিই দক্ষিণ এশিয়ার একমাত্র রেফারি যিনি সাফের ফাইনাল পরিচালনা করেছেন।