করোনাভাইরাসের কারণে সামনে আরও দুর্গম পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণের আগে বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব বলেছেন, এই সংকট প্রলম্বিত হতে পারে। এই সংকট আরও বহুদিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের অনেক পথ চলতে হবে, এখনো অনেক দুর্গম পথ পাড়ি দিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের ভয়ের কারণ নেই, ভয়কে জয় করব শেখ হাসিনার নেতৃত্বে। তিনি এযাবৎ প্রমাণ করেছেন কীভাবে ক্রাইসিসকে সম্ভাবনায় পরিণত করা যায়। আমরা সেই রকম এক নেত্রীর নির্দেশনায় কাজ করে যাচ্ছি।’ ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখন দুটি জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করছি। এর একটা যুদ্ধ হচ্ছে করোনাভাইরাসকে প্রতিরোধ করা। আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরিব ও অসহায় মানুষকে প্রোটেকশন দেওয়া। এ দুটি লড়াই আমরা লড়ে যাচ্ছি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’ তিনি বলেন, ‘আমাদের নেতৃত্বে এমন একজন আছেন যিনি বাংলাদেশের অনেক সংকটের সাহসী এবং পরীক্ষিত নেতা। তিনি অনেক সংকটের সাহসী নেতা হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত। তার হাতে যে দায়িত্ব তাতে জনগণ আস্থা রাখতে পারেন। শেখ হাসিনার সৎ ও পরিচ্ছন্ন নেতৃত্বে যে করোনা প্রতিরোধ লড়াইয়ে নেমেছি, এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই।’ ওবায়দুল কাদের বলেন, আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ত্রাণ তৎপরতা এবং চিকিৎসাসামগ্রী বিতরণ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে আছেন এবং সর্বক্ষণ অসহায় মানুষের পাশে আছেন। তিনি বলেন, গরিব, নিম্নমধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজ কর্ম হারিয়ে দিশেহারা। অনেকেই মুখে বলতে পারছেন না কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। এসব লোককে খুঁজে খুঁজে তাদের মাঝে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি যে খাদ্য বিতরণ ও চিকিৎসাসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন এটা প্রশংসনীয়।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ প্রমুখ।