দেশের বৃহত্তম যৌনপল্লী রাজবাড়ীর দৌলতদিয়ায় সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৫০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ১০টার দিকে যৌনপল্লী সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন-চার দিন যৌনপল্লীর ওই বাসিন্দা জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথে তার মৃত্যু হয়।
মৃত ওই নারী দৌলতদিয়া যৌনপল্লীর কমলা বাড়িওয়ালীর ভাড়াটিয়া। তার মৃত্যুতে দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে করোনাভাইরাস আতঙ্ক বিরাজ করছে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ধর্মীয় সকল প্রকার রীতি-নীতি মেনেই যৌন পল্লী সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা সম্পন্ন হলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ররুবাইয়াত হাসান শিপলু জানান, করোনা সংক্রমণের প্রথম দিকেই যৌনপল্লীতে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর আমারা স্থানীয়ভাবে করণীয় নির্ধারণ করব।