করোনা সংকটকালে নারায়ণগঞ্জে সাড়ে ২৪ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান।
প্রতিটি পাড়া-মহল্লায় অবস্থাপন্ন ব্যক্তিদের দরিদ্র জনগোষ্ঠির সহায়তায় এগিয়ে আসার আকুল আহ্বান জানান তিনি।
শামীম ওসমান বলেন, পবিত্র মাহে রমজান শুরু। এই মুহূর্তে সমাজের প্রতিটি মহল্লার স্বচ্ছল ব্যক্তিরা যদি তার আশপাশের অসহায় মানুষগুলোর পাশে দাড়াঁন, বিশেষ করে যারা চাইতে পারেন না, হাত পাততে পারছেন না, তাহলে সবাই সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকা ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ ছাড়া নারায়ণগঞ্জ শহরের অনেক এলাকায় আমরা অসহায় মানুষের পাশে দাড়াবার চেষ্টা করছি। এসব এলাকায় আমি,আমার স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত উদ্যোগে মোট ২৪ হাজার ৫০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার চেষ্টা করেছি।
শামীম ওসমান বলেন, এছাড়াও মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ উপহারও আমার নির্বাচনী এলাকায় সুষ্ঠুভাবে বণ্টন করছি। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দিনরাত কাজ করছেন।
তিনি বলেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় আছেন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। কারণ তারা লজ্জায় চাইতে পারছেন না। আমরা খাদ্য সামগ্রী উপহারের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি- পেশার মানুষকে মোট ৪০ লাখ টাকা নগদ সহায়তা করার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি।
স্থানীয় এই এমপি বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখা স্বাস্থ্যকর্মী, গণমাধ্যকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে আমরা ৫০০টি পিপিই, পাঁচ হাজার মাস্ক ও পাঁচ হাজার স্যানিটাইজার দিয়েছি।
তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে করোনা উপসর্গের রোগীদের নমুনা সংগ্রহের জন্য কাজ করা চারটি বেসরকারী ডায়াগনেস্টিক সেন্টারের কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে দুটি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক সেবার জন্য দেওয়া হয়েছে।