লোকালয়ে আসা সুন্দরবনের চিত্রল হরিণ উদ্ধার

পূর্ব সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা একটি চিত্রল হরিণ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে সুন্দরবন সংলগ্ন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রাম থেকে স্থানীয় গ্রামবাসী হরিণটি উদ্ধার করে।

বন বিভাগ হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করেছে।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডুমুরিয়া এলাকা সংলগ্ন বলেশ্বর নদীর মাঝে জেগে ওঠা চরে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ ক্ষেত্র।

মঠবাড়িয়ার সোনাখালী গ্রামটি ওই চরের কাছাকাছি হওয়ায় নদী সাঁতরে এই হরিণটি লোকালয়ে চলে আসে বলে ধারণা করছি। শুক্রবার সকাল সাতটার দিকে গ্রামবাসী হরিণটিকে দেখতে পেয়ে মঠবাড়িয়া থানায় নিয়ে যায়। পুলিশের মাধ্যমে খবর পেয়ে বনবিভাগের কর্মীরা সেখানে গিয়ে হরিণটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। এটি চিত্রল হরিণ।