২৩ বছরের ছোট সেই প্রেমিককে ছুড়ে ফেললেন নেইমারের মা

নিজের চেয়ে ২৩ বছরের ছোট যুবকের সঙ্গে প্রেম! এমন অসম সম্পর্কে জড়িয়ে সম্প্রতি হঠাৎ করেই আলোচনার খোরাক হয়ে ওঠেন তারকা ফুটবলার নেইমারের মা নাদিনে গনসালভেস। তাতে সায়ও দিয়েছিলেন পিএসজির ব্রাজিলিয়ান স্ট্রাইকার। এর মধ্যেই অসম প্রেমের সম্পর্কে ইতি টানলেন নাদিনে।

প্রেমিক থিয়াগো রামোসের অনেক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমনটা জানার পর তাকে নিয়ে ছুড়ে ফেললেন নেইমারের ৫২ বছর বয়সী মা! অথচ দিন দশেক আগে বেশ উচ্ছ্বাসের সঙ্গে সম্পর্কের কথাটি জানিয়েছিলেন তিনি। প্রেমিক থিয়াগো এতটাই তরুণ যে, ২৮ বছর বয়সী নেইমারের চেয়েও ছয় বছরের ছোট!

এ নিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে দ্য মেইল অনলাইন জানিয়েছে, নাদিনের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ২২ বছর বয়সী থিয়াগোর নাকি নেইমারের ব্যক্তিগত শেফ মাউরোর সঙ্গে সম্পর্ক ছিল। ব্রাজিলিয়ান বিখ্যাত এক অভিনেতা ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান কারলিনহোস মাইয়ার সঙ্গেও মডেল, গেমার রামোসের ঘনিষ্ঠ মেলামেশা ছিল বলে খবর।

নেইমারের মায়ের সঙ্গে রামোসের কবে থেকে ডেটিংয়ে শুরু হয়েছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না জানা গেলেও রামোসকে প্রথম দেখা যায় ফেব্রুয়ারিতে নেইমারের আড়ম্বরপূর্ণ জন্মদিন অনুষ্ঠানে।

সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, নেইমারের মায়ের কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর থিয়াগো এখন তার পরিবারের কাছে ফিরে গেছেন। ইনস্টাগ্রামে তার একটি ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, কম্পিউটারে গেম খেলছেন তিনি।

দশ দিন আগে নেইমারের মা এক পোস্টে রামোসের সঙ্গে সম্পর্কের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছিলেন- “ব্যাখ্যাতীত বিষয় ব্যাখ্যা করা যায় না...।” সঙ্গে একটি হার্ট ইমোজিও পোস্ট করেছিলেন তিনি।

মায়ের সম্পর্কের পোস্ট নজর কাড়ে নেইমারেরও। মাকে শুভ কামনা জানিয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার লেখেন- “সুখী হও মা। তোমাকে ভালোবাসি।”