লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় ব্যবসায়ী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের দক্ষিণ হামছাদী এলাকায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের ঘটনায় মামলার পলাতক আসামি ব্যবসায়ী আব্দুল কাদের (৩৫) কে  গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে দক্ষিণ হামছাদী এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।

আব্দুল কাদের দক্ষিণ হামছাদী এলাকার সুলতান আহাম্মেদের ছেলে ও এলাকার মুদি দোকানী। র‌্যাব ১১ কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ষনের শিকার ওই নারীর পরিবারের লোকজন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ৬ এপ্রিল বিকেলে দক্ষিণ হামছাদী এলাকায় নিজ বাড়ি থেকে প্রতিবন্ধী নারী বোনের বাড়িতে যাওয়ার সময় ওৎ পেতে থাকা মুদি দোকানী আব্দুল কাদের (৩৫) তার খালি বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানে প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করে। এই ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর ভাই ৭ এপ্রিল বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে মামলা করেন।

মামলা দায়েরর পর বেশ কয়েকদিন ধরে পলাতক ছিলেন কাদের। পরে র‌্যাব অভিযান চালিয়ে কাদেরকে আটক করে। বৃহস্পতিবার রাতে  গ্রেপ্তার আব্দূল কাদেরকে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।