সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতি নারীর করোনা শনাক্ত হয়েছে। তবে করোনা শনাক্তের আগেই ওই নারীকে ছাড়পত্র দেয় হাসপাতাল। পরে তাকে খুঁজে পেতে দীর্ঘ প্রচেষ্টা চালানো হয়।
অবশেষে শুক্রবার দুপুরে সিলেট বিমানবন্দর থানা পুলিশ ওই নারীকে খাদিমনগর এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করে। পরে তাকে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে করোনা আক্রান্ত ওই নারী ওসমানী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন বলে জানানো হয়। এর প্রেক্ষিতে খোঁজাখুঁজি শুরু হয়। শুক্রবার খাদিমনগরের বাড়ি থেকে ওই নারীকে উদ্ধারের পর তিনি হাসপাতালের দেওয়া ছাড়পত্র দেখান। এরপর তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওই নারী হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি ছিলেন। গত বুধবার তিনি সন্তান প্রসব করেন। তবে প্রসবের কিছুক্ষণ পরই শিশুটি মারা যায়। প্রসূতির করোনা উপগর্স থাকায় তার নুমনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন।
এদিকে সন্তান মারা যাওয়ার পর ওই নারী গত বৃহস্পতিবার সকালে হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়িতে চলে যান। আর বৃহস্পতিবার রাতে নিশ্চিত হওয়া যায় ওই নারী করোনায় আক্রান্ত। এরপর তার খোঁজ শুরু হয়। পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি রাতে ওই নারীর ব্যাপক অনুসন্ধান চালিয়েও পাননি। এতে উদ্বেগ-উৎকণ্ঠাও ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই নারীর সংস্পর্শে আসা চিকিৎসকসহ গাইনি ওয়ার্ডের সংশ্লিষ্টকর্মীদের হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হবে।