করোনাভাইরাসের কারণে খাদ্য সংকটে থাকা দেশের এক লাখ পরিবারকে সহায়তা দিতে ব্র্যাকের তহবিলে ১৫ কোটি টাকা দিচ্ছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় প্রতিষ্ঠান দুটি সংকটে থাকা মানুষের সহায়তার অংশ হিসেবে ‘ডাকছে আমার দেশ’ নামে একটি উদ্যোগেরও ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যৌথ প্রচেষ্টায় একসঙ্গে শক্তিশালী হওয়ার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা শুরু থেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছি। এ সংকটকালীন সময়ে আমরা একসঙ্গে অনেক বেশিসংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারব, যাদের এ মুহূর্তে বেশি সহায়তার প্রয়োজন। এ প্রতিকূল অবস্থা মোকাবিলায় সরকারকে সহায়তায় গ্রামীণফোন এ উদ্যোগ ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর, এটুআই, বিটিআরসি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফের সঙ্গে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, এক লাখের বেশি মাঠকর্মী, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী নিয়ে ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। সক্ষমতা ও প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধি, জনস্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি, পিপিই সরবরাহ এবং মানুষের প্রয়োজনে জরুরি আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে আমরা সরকারকে সহায়তা করে যাচ্ছি।
ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যূথবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে ‘ডাকছে আমার দেশ’। মহৎ উদ্দেশ্যে গণতহবিল সংগ্রহে এবং প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে অবদান রাখায় সবাইকে উদ্বুদ্ধ করবে। গ্রামীণফোন ব্র্যাকের জরুরি খাদ্য সহায়তা তহবিলে ১৫ কোটি টাকার আর্থিক সহায়তা করবে, যা ব্র্যাককে ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারের কাছে সাহায্য পৌঁছাতে সহায়তা করবে। এ উদ্যোগে প্রতি পরিবারকে দেড় হাজার টাকা করে দেওয়া হবে, যা দিয়ে চার সদস্যের একটি পরিবার অন্তত দুই সপ্তাহের জরুরি খাবার কিনতে পারবে।
ব্যক্তিপর্যায় ও প্রাতিষ্ঠানিকভাবে সহায়তার মাধ্যমে ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে যুক্ত হতে ব্যাংক হিসাব নম্বর ও বিকাশ নম্বর দিয়েছে ব্র্যাক ও গ্রামীণফোন। ব্যাংক হিসাব নাম : ব্র্যাক, হিসাব নম্বর ১৫০১২০-২৩১৬৪৭৪০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান-১, গুলশান অ্যাভিনিউ, ঢাকা। বিকাশ নম্বর ০১৭৩০৩২১৭৬৫।