নরসিংদীতে সাংবাদিকের ওপর চেয়ারম্যানের হামলা

নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জে এসএ টিভির জেলা প্রতিনিধি সজল ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন খান ও তার সহযোগীরা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর অবস্থায় সজল ভূঁইয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নরসিংদী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলার সাংবাদিক নেতারা। একই সঙ্গে অভিযুক্ত চেয়ারম্যানের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারা।

আহত সাংবাদিক সজল বলেন, বৃহস্পতিবার ঢাকা থেকে এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার বাতেন বিপ্লব নরসিংদীতে আসেন চাল চুরি, ১০ টাকার কেজির চাল বিক্রয় ও কার্ডধারী সুবিধাভোগীদের নিয়ে প্রতিবেদন করার জন্য। ঢাকা থেকে আসা রিপোর্টার আমার পূর্বপরিচিত হওয়ায় তাকে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করছিলাম। বাতেন সন্ধ্যার দিকে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যানের সাক্ষাৎকার নিতে যান।

সাক্ষাৎকার নিতে পৌঁছলে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাশার, সাধারণ সম্পাদক শরীফ ও রুবেল, নোয়াব, শহীদসহ প্রায় ২০ সন্ত্রাসী তাকে ওই রিপোর্টারকে গাড়ি থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। পরে ওই রিপোর্টারের সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়।

তবে অভিযোগ অস্বীকার করে আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসিরউদ্দিন বলেন, সজল হাসনাবাদ এলাকায় একটি এলপিজি পাম্প করেছে। সেখানে নোয়াব নামে গ্রামের একজনের জমি দখল করে মাটি ভরাট করেছে। বিষয়টি নিয়ে রায়পুরা উপজেলা চেয়ারম্যানের কাছে সালিশও হয়েছে। কিন্তু সে বিচার সজল মানে না। গতকাল সে লোকজন নিয়ে এসে আমিরগঞ্জ আওয়ামী লীগ অফিসে আমাদের ওপর হামলা করে। সেখানে দলের নেতাকর্মীরা ছিল। পরে সেখানে হাতাহাতি ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় আমাদের দুজন লোকও আহত হয়েছে।

রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।