হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে একসঙ্গে ৮ জনের ভিডিও চ্যাটের সুবিধা আনার পর মেসেঞ্জারে ৫০ জনের গ্রুপকলের সুবিধা এনেছে ফেইসবুক।
বিবিসি জানিয়েছে, মেসেঞ্জার রুম নামের এই ফিচার পরীক্ষামূলকভাবে যুক্তরাজ্যে শুক্রবার উন্মুক্ত করা হয়েছে। সব দেশের ব্যবহারকারীরা কয়েক সপ্তাহ পর পাবেন।
ফেইসবুক জানিয়েছে, আরও দেরিতে এই ফিচার প্রকাশের পরিকল্পনা থাকলেও লকডাউনের কারণে এখনই আনা হচ্ছে।
লকডাউনের সময় জুম, হাউজপার্টির পাশাপাশি অ্যাপলের ফেসটাইম তুমুল জনপ্রিয়তা অর্জন করে। সেই তুলনায় হোয়াটসঅ্যাপ, ফেইসবুক বেশি পিছিয়ে পড়ছে।
ঘরবন্দী মানুষকে একসঙ্গে আরও বেশি পরিচিতজনের সঙ্গে কথা বলার সুযোগ দিতে ফেসটাইম সর্বোচ্চ ৩২ জনকে যুক্ত করার ফিচার এনেছে। জুম একবারে দিচ্ছে ১০০ জনকে। লার্জ মিটিং অপশনে সেটি ৫০০ জন পর্যন্ত যাচ্ছে!
মেসেঞ্জার রুমে যা থাকছে: হাউজপার্টির মতো মেসেঞ্জার রুমে ব্যবহারকারীরা কথা বলতে বলতে বেরিয়ে যেতে পারবেন। ইনভাইট পেয়ে যেকোনো সময় ঢুকতেও পারবেন।
কথা বলার সময় আলাপানকে প্রাইভেট রাখা যাবে। যে কাউকে ব্লক করা যাবে। যারা ফেইসবুক তালিকায় নেই তাদেরও ইনভাইট করা যাবে। রিয়েল টাইমে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যাবে।
মেসেঞ্জার রুম প্রকাশ্যে আনতে চাইলে, সেটি ফেইসবুকের নিউজফিডে একদম উপরে থাকবে।
এই সার্ভিসটি ইতিমধ্যে আর্জেন্টিনা এবং পোল্যান্ডে পরীক্ষা করা হয়েছে। সেখানে ফেইসবুক মেসেঞ্জার খুব জনপ্রিয়।
ওই পরীক্ষায় একসঙ্গে ১৭ থেকে ২০ জনের চ্যাটিং সাপোর্ট করলেও ফেইসবুক বলছে, নতুন ফিচারে একসঙ্গে ৫০ জন কথা বলা যাবে।