ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি

করোনা পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালনকালে ভাইরাসের সংক্রমণ রোধে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সুরক্ষা সামগ্রী দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন আইজিপি। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তর থেকে সকল ইউনিটে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এ ছাড়া, সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনর্ব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।