হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী পথচারী সাদিয়া ইসলাম জানান, কাজ শেষে হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘স্থানীয়দের কাছে জানতে পারি, উনি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা খান। এতে ছিটকে পড়ে গিয়ে তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পান। মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। পরে উপস্থিত অন্য লোকদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।’

নিহতের নাতনি সুরমা আক্তার জানান, তাদের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। বর্তমানে পুর্ব শেওড়াপাড়ায় থাকেন। মৃত আবুল কাশেম আমার দাদা হন। আমার দাদা আবুল কাশেম তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় ফিরছিলেন। সন্ধ্যার দিকে জানতে পারি, হানিফ ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনার শিকার হন। তবে কিভাবে দুর্ঘটনা হয়েছে তা জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বরত চিকিৎসকের ঘোষণার পর মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত