রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম

রাজধানীর সবুজবাগে পুর্বশত্রুতার জেরে পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সবুজবাগ রাজারবাগ পানির পাম্পের গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পলাশের বন্ধু মো. হিরা জানান, পলাশ রেন্ট এ কারে প্রাইভেটকার চালাত। তবে বর্তমানে বেকার ছিল। সবুজবাগ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী ছিল সে। সন্ধ্যার দিকে এলাকার মাদক কারবারী ও রিকশা চোর রয়েলসহ কয়েকজন পানির পাম্পের গলিতে পলাশকে কুপিয়ে দুই হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন ও শরীরের একাধিক জায়গায় কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, পলাশ ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভিপতি লিটন খানের সাথে থাকত। গত এক সপ্তাহ আগে এলাকার সবুজ নামে একজন রিকশা চুরি করে ধরা পড়ে। পরে সবুজকে ছাড়িযে দেয় রয়েল। এ বিষয় নিয়ে রয়েলের সাথে পলাশের কথা কাটাকাটি হয়। সেই ঘটনার জের ধরে রয়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালে পলাশের বোন জোসনা আক্তার জানান, তাদের বাড়ি লক্ষিপুরের রায়পুর থানার সোনাপুর গ্রামে। বর্তমানে সবুজবাগ মাদারটেক চৌরাস্তা এলাকায় থাকত। গত ৬ মাস আগে মরিয়ম আক্তারকে বিয়ে করে সে। পলাশ আগে প্রাইভেটকার চালাত। বর্তমানে বেকার। সে বিএনপির রাজনীতি করত। কিছুদিন আগে এলাকার রয়েল নামে একজনের সাথে পলাশের মারামারির ঘটনা ঘটে। আজকে কে বা কারা পলাশকে হত্যা করেছে তা জানিনা। তবে এই হত্যার বিচার চাই।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, সবুজবাগ এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে টিম কাজ করছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত