অনুমোদনহীন কিটে পরীক্ষা নয় : স্বাস্থ্য মন্ত্রণালয়

সরকারের অনুমোদনহীন টেস্টিং কিটে করোনা ভাইরাস শনাক্তের নমুনা পরীক্ষা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল শনিবার এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের নবগঠিত ‘মিডিয়া সেল’ এ তথ্য জানায়। করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম জানাতে ও অপপ্রচার রোধে গত বৃহস্পতিবার এই সেল গঠন করা হয়।

বর্তমানে বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদনহীন টেস্টিং কিট রয়েছে উল্লেখ করে প্রশ্ন করা হলে মিডিয়া সেলের আহ্বায়ক ও স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান খান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত পদ্ধতি অনুযায়ী ও সরকারিভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে অনুমোদিত কিট এর মাধ্যমেই কেবল পরীক্ষা করা হচ্ছে। র‌্যাপিড কিট নিয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে এবং সে অনুযায়ী সরকার কাজ করছে।’

করোনা মোকাবিলায় নতুন আরও দুই হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগে সরকার কাজ করছে বলে এ সময় জানানো হয়। হাবিবুর রহমান বলেন, করোনা প্রতিরোধে দেশব্যাপী সব হাসপাতালে চিকিৎসাসেবা মনিটরিংয়ের জন্য বর্তমানে মন্ত্রণালয়ের ৪৪ জন কর্মকর্তা নিয়োজিত রয়েছেন এবং জেলা শহরে করোনা পরীক্ষায় ব্যবহারের জন্য ২টি করে আলাদা গাড়ি বরাদ্দ রাখা আছে।

ব্রিফিংয়ে মিডিয়া সেল গঠনের কারণসমূহ ও কমিটির কর্মপরিকল্পনা ব্যক্ত করা হয় এবং করোনা মোকাবিলায় সরকার শুরু থেকে যে কাজগুলো করেছে, তা ধারাবাহিকভাবে তুলে ধরা হয়।

এর আগে এদিন সকালে মিডিয়া সেলের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিদিনের মিডিয়া মনিটরিং করে তার রিপোর্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি করোনায় সব তথ্য আপডেট রাখতে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়।

ব্রিফিংকালে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব রীনা পারভীন, যুগ্ম সচিব নিলুফার নাজনীন ও মিডিয়া সেলের সদস্য সচিব মাইদুল ইসলাম উপস্থিত ছিলেন।