পুরান ঢাকার গেণ্ডারিয়ায় বেসরকারি আজগর আলী হাসপাতালের ২২ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে অর্ধশতাধিক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর)। সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ওই হাসপাতালে একযোগে এত বেশি সংখ্যক চিকিৎসক ও স্টাফের করোনা সংক্রমিত হওয়ার সংবাদে আমরা খুবই উদ্বিগ্ন। হাসপাতালটি এখনো চালু থাকায় সেখানকার অন্যান্য চিকিৎসক, স্টাফ ও রোগীরা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।’
আজগর আলী হাসপাতালের করোনায় আক্রান্ত ২২ চিকিৎসকের নামের তালিকা তাদের কাছে আছে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘এই ২২ জন পরীক্ষা করিয়েছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি, আক্রান্ত চিকিৎসক ও সাপোর্টিং স্টাফের সংখ্যা আরও বেশি হতে পারে। আমরা মনে করছি, এভাবে হাসপাতাল চালু রাখা অত্যন্ত বিপজ্জনক।’
এ বিষয়ে আজগর আলী হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ফারাহ নূর গণমাধ্যমকে জানান, আজগর আলী হাসপাতালের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন এমন তথ্য তাদের জানা নেই।