সরকার দলের লোকদের পেট ভরাতে নানা কৌশলে ত্রাণের মালামাল চুরির সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। গতকাল শনিবার সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় রায় সাহেব বাজার মোড়ে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, সূত্রাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় রিজভী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। প্রতিদিন মৃত্যুর খবর আসছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পাশাপাশি অনেক মানুষ না খেয়েও মারা যাচ্ছে। কর্মহীন মানুষ যারা দিন আনে দিন খায় তাদের কোনো কাজ নেই। লকডাউনে মানুষ ঘরে বন্দি কাজ পাবে কোথায়। তাদের সহায়তা করার জন্য বিভিন্ন পাড়া-মহল্লায় জেলায় মহানগরীতে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসছে। গরিব-দুস্থদের মাঝে চাল ডাল তেল আলু বিতরণ করছেন বিএনপির নেতাকর্মীরা।’
তিনি বলেন, ‘সরকারের তো এই মুহূর্তে এমনভাবে নেমে আসা উচিত যাতে প্রতিটি মানুষ কিছু পায়, প্রতিটি মানুষের পেট ভরে। তা না করে দলীয় লোকদের পেট ভরানোর জন্য নানা কৌশলে কায়দায় চুরি করার সুযোগ দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না।’