করোনাভাইরাস মহামারীর মধ্যে বাংলাদেশে অবস্থানরত আরও ১৭১ ব্রিটিশ ও দক্ষিণ কোরিয়ার ২৬৯ নাগরিক ঢাকা ছেড়েছেন। গতকাল শনিবার দুপুর ১টা ৩৫ মিনিটে ব্রিটিশ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ও রাত পৌনে ১০টার দিকে কোরিয়ান এয়ারের একটি ফ্লাইটে দেশটির নাগরিকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সিভিল অ্যাভিয়েশন কর্র্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান দেশ রূপান্তরকে জানান, গতকাল দুপুরে তৃতীয় দফায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এর আগে ২১ এপ্রিল প্রথম দফায় ২৬৪ জন ও বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় দফায় ১৭৭১ যাত্রী নিয়ে ব্রিটিশ এয়ারের ফ্লাইট ঢাকা ত্যাগ করে। আগামীকাল (আজ) রবিবার আরও দুটি ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের এসব ফ্লাইটে শুধু ব্রিটিশ নাগরিকরা ঢাকা ছাড়বেন।
করোনাভাইরাসের কারণে ঢাকার সঙ্গে চীন ছাড়া সব দেশের উড়োজাহাজ যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিদেশিরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের চার্টার্ড ফ্লাইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।