পিরোজপুরে শ ম রেজাউল করিম

কেউ যেন বলতে না পারে সরকারের সহযোগিতা পৌঁছায়নি

রমজান মাস এবং করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে পিরোজপুর-১  আসনের ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কেউ যেন বলতে না পারে শেখ হাসিনা সরকারের সহযোগিতা তার কাছে পৌঁছায়নি। শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ। শেখ হাসিনা হচ্ছেন সততার প্রতীক। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার দলমত নির্বিশেষে সব ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য প্যাকেজ ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, ছোলা ও চিঁড়া।