করোনা ঠেকানোর আলোচিত প্রযুক্তিতে পরিবর্তন আনছে অ্যাপল-গুগল

কন্টাক্ট ট্রেসিং প্রযুক্তি ব্যবহার করে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর চুক্তি করে সমালোচনার মুখে পড়া অ্যাপল এবং গুগল তাদের কর্মপরিকল্পনায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের প্রযুক্তি ‘অপ্ট-ইন’ হবে না, অর্থাৎ ডিফল্টে এটি চালু থাকবে না।

আগামী মে নাগাদ তারা ডেভেলপার দিয়ে প্রোগ্রামিং টুল তৈরি করবে। এরপর বিভিন্ন দেশের স্বাস্থ্য বিভাগ তাদের প্রযুক্তি ব্যবহার করে অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাবে।

গুগল-অ্যাপল প্রথম জানিয়েছিল, কোনো ব্যক্তি করোনা পজিটিভ হলে তার ডেটা সরকারি অ্যাপে যুক্ত করার পর অন্য কেউ তার কাছে আসলে নোটিফিকেশন যাবে। এভাবে ১৪ দিন ওই ব্যক্তির তথ্য অ্যাপে থাকবে। সরকারি সংস্থা চাইলে সময় বাড়াতেও পারবে।

একই সঙ্গে উভয় কোম্পানি এই প্রযুক্তি তাদের অপারেটিং সিস্টেমে যুক্ত করবে। তখন অ্যাপ ডাউনলোড না করলেও মোবাইল ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন যাবে। তাকে একটি অপশন নির্বাচন করে রাখতে হবে।

গুগল এখন বলছে, এভাবে ট্রেস করা হবে না। ব্যবহারকারী কোন ফোন ব্যবহার করছে, মডেল কী সেটি অ্যাপ ডেভেলপারদের জানানো হবে না।

যে সব দেশের সঙ্গে গুগল-অ্যাপলের চুক্তি হবে, তাদের অ্যাপ তৈরি করতে সাহায্য করবে প্রতিষ্ঠান দুটি। কোনো দেশ নিজেরা অ্যাপ তৈরি না করলে গুগল একটি অ্যাপ দেবে।

গুগল-অ্যাপল এতদিন তাদের প্রযুক্তিকে ‘কন্টাক্ট ট্রেসিং’ বললেও এখন নাম বদল করে ‘এক্সপোজার নোটিফিকেশন’ রেখেছে।