নভেল করোনাভাইরাসের সময় ডেটিং অ্যাপ ব্যবহারকারী নারীরা মানসিক নির্যাতনের স্বীকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন। এই সময়ে তাদের লকডাউন ভাঙতে চাপ দিচ্ছেন পুরুষেরা।
নারীদের অভিযোগ নিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে তারা বলেছেন, দেখা করতে না চাইলে পুরনো সঙ্গীরা ব্ল্যাকমেইল পর্যন্ত করছেন।
সামান্থা রথেনবার্গ নামের একজন মার্কিন নারী সংবাদমাধ্যমটিকে বলেন, ‘লকডাউন শুরু হওয়ার পর আমি সম্ভবত কয়েক শ প্রস্তাব পেয়েছি। হাজারও ছাড়িয়ে যেতে পারে। তারা শুধু দেখা করার প্রস্তাব দিয়ে ক্ষান্ত হচ্ছে না, অপমানও করছে।’
পুরুষদের পক্ষ থেকে আসা আক্রমণাত্মক প্রস্তাবগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছেন রথেনবার্গ।
‘এই সময়ে গোটা পৃথিবীর করুণ অবস্থা যাচ্ছে। নিজেদের অসহায় মনে হচ্ছে। এর ভেতর এমন প্রস্তাব কষ্টদায়ক।’
ভার্জিনিয়ায় বসবাসকারী আরেক নারী যার নাম এমলি (পুরো নাম প্রকাশ করতে চাননি) অভিযোগ করেন, ‘পুরুষদের এমন প্রস্তাবে আমি বিরক্ত। তারা রীতিমতো হয়রানি করছে। চাপ দিচ্ছে।’
অনলাইন ডেটিংয়ের বহুল জনপ্রিয় অ্যাপ টিন্ডার কর্তৃপক্ষ এই ঘটনায় ‘অসহায়ত্ব’ দেখিয়েছে, ‘নির্দিষ্ট কোনো ব্যক্তির আচরণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এই সময়ে ঘরে থাকার যে নির্দেশনা দেয়া হয়েছে, আমরা সেটি সবাইকে জানিয়েছি।’
টিন্ডারের প্রতিদ্বন্দ্বী ডেটিং অ্যাপ হিঞ্জ বলছে, ‘কোনো ব্যবহারকারী চাপ অনুভব করলে, অ্যাপের মাধ্যমে রিপোর্ট করতে পারেন। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’