১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্থগিত

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গতকাল রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনটিআরসিএ। আগামী ১৫ ও ১৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি ও ৭ ও ৮ আগস্ট লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১ লাখ ৭২ হাজার প্রার্থী আবেদন করেন।

আদেশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২০২০ সালের ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।

এনটিআরসিএ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৫ মে সকাল ১০টা-১১টা পর্যন্ত স্কুল ও স্কুল পর্যায়-২-এর প্রিলিমিনারি পরীক্ষা এবং ১৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে আগামী ৭ ও ৮ আগস্ট ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে গত ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেদিন বিকেল ৪টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। এনটিআরসিএর ওয়েবসাইটে প্রবেশ করে আগ্রহী প্রার্থীরা গত ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পেরেছেন। আর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দিয়ে আবেদন নিশ্চয়নের সুযোগ পেয়েছেন তারা।