অনিয়ম বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না : আইজিপি

করোনাভাইরাস পরিস্থিতিতে পুলিশ সদস্যদের কোনো ধরনের অনিয়ম বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তর থেকে ভিডিও কনফারেন্সে সব পুলিশ ইউনিটের কমান্ডারদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

আইজিপি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশের চলমান কার্যক্রম ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম, অপেশাদার আচরণ ও অসদুপায়কে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাধারণ মানুষের কল্যাণে পুলিশের সব সদস্যের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে আইজিপি বলেন, জনগণের কল্যাণে সেবার এ ধারা অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদদারি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেন। পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেন কোনো পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি। পাশাপাশি করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখার নির্দেশ দেন আইজিপি।

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসার সব আয়োজন রয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ পুলিশের অন্যান্য হাসপাতালে করোনাসংক্রান্ত চিকিৎসা সুবিধা বাড়ানো হয়েছে। এ ছাড়া, বিভাগীয় পর্যায়েও নেওয়া হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা। তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণে যারা আত্মনিয়োগ করেছেন, তাদের প্রতি এ দেশের মানুষেরও অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।  দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটে পৌঁছে দেওয়া হচ্ছে বলেও এ সময় জানান আইজিপি।