করোনা মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা যুক্তরাষ্ট্রের

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফিরতে সহায়তা করার জন্য বাংলাদেশকে ধন্যবাদও জানান তিনি।

বাসসের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেনের সঙ্গে দেখা করে পম্পেওর চিঠিটি হস্তান্তর করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত মিলারকে অবহিত করেন। এ মহামারী মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

তৈরি পোশাক শিল্পসহ বাংলাদেশের অন্যান্য খাতে করোনাভাইরাসের কারণে কী কী প্রভাব পড়েছে সেই সম্পর্কেও রাষ্ট্রদূতকে অবহিত করে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের বিষয়ে সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন এ সময় মার্কিন রাষ্ট্রদূতকে জানান, বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাকে ফেরত আনার জন্য যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহায়তা চাইলে রাষ্ট্রদূত তার দেশের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেন।