জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে দুই জেলায় আরও দুজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরগুনায় মারা গেছেন ২৭ বছর বয়সী এক যুবক এবং সিরাজগঞ্জে ৫৫ বছর বয়সী এক লোক। দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী এ নিয়ে ১৮ দিনে দেশে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ১১৭ জনের প্রাণহানি হলো।
বরগুনা : বরগুনা পৌরশহরের ক্রোক এলাকার গোলাম সরোয়ারের ছেলে মাইনুর রহমান নিশাত গতকাল সোমবার সকালে মারা গেছেন। সিভিল সার্জন ডা. হুমায়ূন হাসান শাহিন বলেন, তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছিলেন এই যুবক। গতকাল সকালে শ্বাসকষ্ট শুরু হয়ে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ঠুটিয়া গ্রামে গত রবিবার সকালে মারা যান আমজাদ সরদার। এদিন দুপুরে জানাজা শেষে গ্রামের কবরস্থানে বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে তার নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. কামসুজ্জোহা বলেন, তিনি করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ির ৪ জনসহ ৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ওই ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমজাদেরসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।