প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার

মাদারীপুরের শিবচরে প্রাইভেট পড়তে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে গৃহশিক্ষকের ছোট ভাই ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পূর্ব সন্নাসিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রীকে গুরুতর অবস্থায় প্রথমে সন্ধ্যা ৭টার দিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পারিবারিক ও শিবচর থানা পুলিশ জানায়, সোমবার বিকেল ৩টার দিকে স্কুলছাত্রী পাশের বাড়ির শিক্ষক আবু সাঈদের কাছে প্রাইভেট পড়তে যায়। ওই সময় শিক্ষক আবু সাঈদ নামাজ পড়তে মসজিদে যান। গৃহশিক্ষকের ছোট ভাই সাব্বির হোসেন শেখ (১৭) নিজের ঘর খালি পেয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. নাহিদা আফরোজ জানান, সন্ধ্যার পর এক স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে ঘটনার পর পরই স্থানীয়ভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। অসুস্থ্ স্কুলছাত্রীকে জরুরিভাবে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তার গোপনাঙ্গে রক্তক্ষরণ দেখা গেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ধর্ষণের ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মেয়েটিকে সরকারি হাসপাতালে প্রেরণ করেছি। আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নাই।