খাগড়াছড়ির দীঘিনালায় বানছড়া ইউনিয়নের মধ্য বানছড়া এলাকায় গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) অস্ত্রধারীদের গুলিতে ইউপিডিএফ মূল (প্রসীত) গ্রুপের এক কর্মীসহ ২জন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব জানান, তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধারের জন্য রওনা হয়েছে।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত দুজন হলেন- ইউপিডিএফ এর দীঘিনালা শাখার সদস্য এনজেল চাকমা ওরফে বাবু (৩৭) ও সুদিব্য চাকমা ওরফে বাঙাল্লা (৩৫)। এনজেল চাকমা দীঘিনালা ইউনিয়নের নন্দশ^র কার্বারীপাড়ার সুশীল চাকমার ছেলে। অন্যদিকে সুদিব্য চাকমা হলেন মধ্য বানছড়ার বাসিন্দা বীরেন্দ্র মোহন চাকমার ছেলে।
এ ব্যাপারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন।
তিনি দাবি করেন, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও টমটম চালক গ্রামবাসী মারা গেছেন। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
অবশ্য অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি।