জাতীয় দলের হয়ে খেলার সময় লিওনেল মেসির আত্মনিবেদন বার্সেলোনার মতো নয় গ্রহের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে এমন সমালোচনা মানতে নারাজ জাতীয় দলে তার সতীর্থ সের্হিও আগুয়েরো। জানালেন, আর্জেন্টিনা হারলে সবার আগে কষ্ট পান মেসি।
বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবলে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ ও কোপা দেল রে’সহ প্রায় সব শিরোপা একাধিকবার করে জিতেছেন মেসি। কিন্তু জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত কোনো সাফল্য নেই তার।
তবে শিরোপার কাছে গিয়েছিলেন বেশ কয়েকবার। ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসির আর্জেন্টিনাকে। ২০১৫ ও ২০১৬ সালে টানা দুবার কোপা আমেরিকার ফাইনাল খেললেও শিরোপা জেতা হয়নি।
আর্জেন্টিনার হয়ে খেলার সময় মেসির নিবেদন কোনো অংশে কম থাকে না বলে জানালেন আগুয়েরো। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার সিটির এই তারকা বলেন, “যারা আর্জেন্টিনার হয়ে মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, আমি ওদের বুঝি না। দেশের ব্যর্থতায় সবার আগেই মেসিই কষ্ট পায়।”
“এত কিছুর পরেও ও বারবার জাতীয় দলের হয়ে খেলার জন্য ফিরে আসে। আমরা যখন একটা ম্যাচ হারি, তখন সবাই কষ্ট পাই, তবে ও পায় সবচেয়ে বেশি। তবে ফুটবলে হারজিত থাকবেই। খেলাটাই এমন।”