করোনা আক্রান্ত ব্যক্তি পালিয়ে শ্বশুরবাড়িতে

তথ্য গোপন করে করোনা আক্রান্ত ব্যক্তি পালিয়ে মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করেন।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা প্রশাসন উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেউলীপাড়া গ্রামের ২০টি বাড়ি লকডাউন করেছে বলে জানা গেছে। এই ঘটনায় ধামরাই উপজেলার পাইকপাড়া গ্রামের ৪০টি বাড়িও লকডাউন করেছে ধামরাই উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক ওই বাড়িগুলো লকডাউন করে দেন।

আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কতজন তার সংস্পর্শে এসেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। তার বয়স ৪৬ বছর। তিনি রাজবাড়ী জেলায় চাকরি করেন। অসুস্থবোধ করায় গত ২৩ এপ্রিল তিনি ঢাকায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা জমা দিয়ে টাঙ্গাইলে চলে যান। এরপর জানতে পারেন, তিনি করোনায় আক্রান্ত। বিষয়টি গোপন করে ২৫ এপ্রিল তিনি ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শ্বশুরবাড়িতে আসেন।’

এদিকে পাইকপাড়া গ্রাম মির্জাপুর উপজেলার দেউলীপাড়া দক্ষিণপাড়া গ্রাম সংলগ্ন হওয়ায় ওই ২০টি বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক জানান।