শেষ হলো গার্লস ইন আইসিটি ডে’র অনলাইন সেলিব্রেশন

তথ্যপ্রযুক্তি খাতে মেয়েদের অংশগ্রহণ বৃদ্ধিতে আয়োজিত গার্লস ইন আইসিটি ডে’র অনলাইন সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-বিডিওএসএন ও ইএসডিজি ফর বিডি গত ২০ থেকে ২৭ এপ্রিল সপ্তাহব্যাপী এই ভার্চুয়াল সেলিব্রেশনের আয়োজন করে।

আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর উদ্যোগে প্রতিবছর ২৩ এপ্রিল উদ্‌যাপন করে হয়ে থাকে 'গার্লস ইন আইসিটি ডে’। চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর আইটিইউ এর সঙ্গে ভার্চ্যুয়ালি উদ্‌যাপন করে বিডিওএসএন।

এতে সপ্তাহ জুড়ে অনলাইন সেমিনার, ক্যারিয়ার সেশন, গল্পে গল্পে প্রোগ্রামিং কর্মশালা, মেয়েদের জন্য প্রোগ্রামিং কনটেস্ট, সিভি রাইটিং ও অনলাইন হ্যারাসমেন্ট কোর্স ও কুইজ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের মেয়েরা যারা তথ্য প্রযুক্তিতে দেশ ও দেশের বাইরে কাজ করছেন তারাই মূলত এসব ভার্চুয়াল সেশনগুলোতে অংশ নেন। 

করোনা পরবর্তী পরিস্থিতিতে মেয়েদের কাজের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আয়োজনের প্রথম দিন দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান।

শেষ দিনে আইসিটি খাতের নারীদের জন্য মিডিয়ার ভূমিকা নিয়ে একটি সেশনের আয়োজন করা হয়। এতে অংশ নেন- বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম, বণিক বার্তার ডেপুটি চিফ রিপোর্টার জেসমিন মলি, প্রথম আলো অনলাইনের মোজো স্পেশালিস্ট মাকসুদা আজীজ ও সারাবাংলা ডট নেটের সিনিয়র নিউজরুম এডিটর রাজনীন ফারজানা।

এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) এবং ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপটার। সার্বিক সহযোগিতায় ছিল জেনেক্স, উইডেভস, জুমশেপার ও পাইওনিয়ার। লার্নিং পার্টনার হিসেবে ছিল হ্যালো অ্যাকাডেমি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল ইএমকে সেন্টার, অ্যাম্বার আইটি লিমিটেড এবং ঢাকা এফএম ৯০.৪।