করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে মুন্সীগঞ্জের গজারিয়ায় এলাকাবাসীর হুমকির মুখে এক নারী স্বাস্থ্যকর্মী ৮ দিন ধরে বাড়ি-ঘর ছাড়া রয়েছেন। সখিনা বেগম (৩৮) নামে ওই স্বাস্থ্যকর্মী জেলার গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া। স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসকসহ ৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এতে উপজেলার আলীপুরা গ্রামে বসবাসরত স্বাস্থ্যকর্মী সখিনা বেগমকে এলাকাবাসী বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়। এ পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৮ দিন ধরে বাড়ি-ঘর ছেড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে একাই বসবাস করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মী সখিনা বেগম।
ওই স্বাস্থ্যকর্মী দৈনিক দেশ রূপান্তরকে জানান, বৃদ্ধ মা ও সন্তানদের নিয়ে তিনি আলীপুরা গ্রামের গাফ্ফার চৌধুরীর বাড়িতে ভাড়া থাকেন। করোনা সংক্রমণের আতঙ্কে এলাকাবাসী প্রথমে তাকে বাড়ি-ঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি-ধমকি দেয়। এতে তিনি গেল ৮ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারে অবস্থান নিয়েছেন। তিনি একা বাড়ি-ঘর ছাড়লেও এখন এলাকাবাসী তার পরিবারের অন্য সদস্যদের অন্যত্র চলে যাওয়ার জন্য হুমকি-ধমকি দিচ্ছে বলে দাবি করেন স্বাস্থ্যকর্মী সখিনা বেগম।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদী সাংবাদিকদের বলেন, কেউ স্বাস্থ্যকর্মীকে গ্রাম বা বাড়ি-ঘর ছাড়ার হুমকি দিয়ে থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ওই স্বাস্থ্যকর্মীকে বাড়িতে অবস্থান করে নির্বিঘ্নে স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।