ড. জামিলুর রেজার মৃত্যুতে শিক্ষা পরিবারে শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য প্রকৌশলী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গোটা শিক্ষা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষাবিদ ও গবেষকরা গভীর শোকপ্রকাশ করেছেন। তারা বলেছেন, দেশের এই মেধাবী সন্তানের প্রস্থানে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পোষাবার নয়, তার বিকল্প কেবল তিনি। মানবকল্যাণে নিজেকে ব্যস্ত রাখতেন সদ্য প্রয়াত ড. জামিলুর রেজা চৌধুরী।

মৃত্যুর আগের দিনও বুয়েটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে করোনাভাইরাস থেকে সুরক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন বলে জানিয়েছেন মরহুমের সাবেক সহকর্মীরা। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে কর্তব্যরত ছিলেন।

ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এক শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন ‘অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। তার নীতি ও আদর্শ আমদের চলার পথের পাথেয় ও অনুকরণীয়।’

এদিকে শোকপ্রকাশ করেছে ইউজিসি। ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ এক শোকবার্তায় জানান, ‘দেশের প্রকৌশল ও তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসারে তার অনবদ্য ভূমিকা রয়েছে। প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।’ তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ইউজিসি চেয়ারম্যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী ছিলেন এদেশের একজন স্বনামধন্য প্রকৌশলী, শিক্ষাবিদ ও গবেষক। এছাড়া তিনি বঙ্গবন্ধু সেতু প্রকল্পের প্রধান পরামর্শকসহ জাতীয় বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

বুয়েটের শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ‘জামিলুর রেজা সবসময় মানব কল্যাণে কাজ করে যেতেন। তার অভাব আমরা সবসময়ই অনুভব করব।’ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, ‘বাংলাদেশ একজন বিশিষ্ট শিক্ষাবিদকে হারাল, একজন বিশিষ্ট প্রযুক্তিবিদকে হারাল।’ ইতিহাসবিদ অধ্যাপক মেসবাহ কামাল জানান, এমন একজন শিক্ষকের প্রস্থান কখনো কাম্য নয়। বাংলাদেশ যে রকম প্রযুক্তির দিক থেকে বিশ্বমানের সেটির প্রমাণ দিয়েছেন তিনি। তার নেতৃত্বে বাংলাদেশের বড় বড় অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, বর্তমান পদ্মা সেতুর কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’

কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘তার হঠাৎ এভাবে চলে যাওয়াটা আমাদের মধ্যে বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। এমন একজন দেশপ্রেমিক মানুষের অনেক দিন বেঁচে থাকার প্রয়োজন ছিল।’ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য, প্রথিতযশা ও আত্মনিবেদিত প্রকৌশলী হারাল, যিনি শিক্ষকতা ও দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।’