আত্মসমর্পণকারী চরমপন্থিদের মধ্যে আর্থিক অনুদান

নাটোরে আত্মসমর্পণকারী চরমপন্থি দলের ২৩ সদস্যের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। নাটোর জেলা পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ লাইনসে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মো. শাহরিয়াজসহ অনেকে।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আত্মসমর্পণকারী ব্যক্তিরা নাটোরের নলডাঙ্গা, নাটোর সদর, সিংড়া, রাজশাহীর বাগমারা ও নওগাঁর আত্রাই এলাকায় আন্ডারগ্রাউন্ড দলের সদস্য হিসেবে ওই এলাকার জনপদকে অস্থির করে তুলেছিল। তারা ২০১৯ সালের এপ্রিল মাসে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেন।