১০ মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ ৫৮০০০ কোটি টাকা

করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম রাজস্ব আদায় হয়েছে। এতে করে উন্নয়ন কার্যক্রম ও দৈনন্দিন ব্যয় মেটাতে অর্থ সংস্থানে ব্যাংক ব্যবস্থার ওপর নির্ভরশীলতা বাড়ছে সরকারের। ফলে চলতি অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরের ১০ মাসে সরকার ব্যাংক থেকে ঋণ করেছে ৫৭ হাজার ৯২৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী মাসগুলোতে করোনাভাইরাসের প্রভাবে আমদানি-রপ্তানি ও প্রবাসী আয় কমে যাওয়ার পাশাপাশি রাজস্ব আয়ের ঘাটতি আরও বাড়তে পারে। এর ফলে আগামীতে ব্যাংকঋণের ওপর সরকারের নির্ভরতা আরও বাড়বে। 

চলতি ২০১৯-২০ অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। কিন্তু চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত সরকার লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ৫৬৫ কোটি ৩০ লাখ টাকা বেশি ঋণ ব্যাংক থেকে নিয়ে ফেলেছে। যদিও অর্থবছরের সংকটাপন্ন আরও দুটি মাস রয়েছে। 

এ বিষয়ে পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, করোনাভাইরাসের কারণে রাজস্ব আয়ে ঘাটতি আরও বাড়ার সম্ভাবনায় আগামী মাসগুলোতে ব্যাংক থেকে সরকারের ঋণগ্রহণ প্রবণতা বাড়বে।

চলতি অর্থবছরে রাজস্ব ঘাটতি ১ লাখ ১৫ হাজার কোটি টাকা হতে পারে বলে পূর্বাভাস দিয়ে আহসান এইচ মনসুর বলেন, রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৩ লাখ কোটি টাকা হলেও অর্থবছরের ৯ মাসে রাজস্ব আহরণ হয়েছে ১ লাখ ৬৬ হাজার কোটি টাকা। এ সময় বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্র ৪৫ শতাংশ রাজস্ব আহরণ হয়েছে। রাজস্ব আদায়ের এ ঘাটতি শুধু যে করোনার কারণে হয়েছে, তা নয়। সরকারের উচ্চাভিলাষী লক্ষ্য ও এনবিআরের অক্ষমতাও এর জন্য দায়ী।

সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) যদি পূর্ণোদ্যমে চলত তাহলে চলতি অর্থবছরে ব্যাংক থেকে সরকারের ঋণ প্রায় ১ লাখ কোটি টাকায় উন্নীত হতো বলে মনে করেন আহসান এইচ মনসুর। যদিও চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নে ৮০ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে। সরকার ইতিমধ্যেই এডিপি কাটছাঁট করেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়ন হয়েছে ৩৭ দশমিক শূন্য ৯ শতাংশ, যা ২০১৬-১৭ অর্থবছরের পর সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, চলতি বছরের ২৯ এপ্রিল পর্যন্ত ব্যাংক থেকে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ২৫ কোটি টাকা, যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১ লাখ ৮ হাজার ৯৫ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি হচ্ছে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা, যা মেটাতে বিদেশি উৎস থেকে সরকারের ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। ঘাটতির অবশিষ্ট অর্থ ব্যাংকসহ অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ গ্রহণের পরিমাণ ছিল ১৯ হাজার ৮০০ কোটি ৯০ লাখ টাকা।