ম্যারিকোর ৯৫০% লভ্যাংশ ঘোষণা

ম্যারিকো বাংলাদেশ লিমেটেডের পর্ষদ ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৯৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে প্রতিষ্ঠানটি ৭৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল। পুঁজিবাজারে তালিকাভুক্তির পর এক হিসাব বছরে এটাই কোম্পানিটির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা।

করোনাভাইরাসের কারণে কোম্পানিটির পরিচালকরা ডিজিটাল প্ল্যাটফর্মে পর্ষদ সভা করে ২০১৯-২০ হিসাব বছরের আর্থিক হিসাবের ভিত্তিতে এই চূড়ান্ত লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২২ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট শেয়ারবাজারে আবার লেনদেন শুরুর ১৫তম দিনে নির্ধারণ করা হয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৪ টাকা ১ পয়সা। আর চলতি বছরের মার্চ শেষে শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ৫ পয়সা। ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এই বহুজাতিক কোম্পানিটি এর আগে ২০১৪ সালে ৯০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এটাই এতদিন প্রতিষ্ঠানটির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা ছিল।

নিয়মিত শেয়ারহোল্ডারদের বড় লভ্যাংশ দেওয়া ম্যারিকো বাংলাদেশ এর আগে ২০১৮-১৯ হিসাব বছর ৬৫০ শতাংশ, ২০১৭-১৮ হিসাব বছর ৬০০ শতাংশ, ২০১৬-১৭ হিসাব বছর ৫০০ শতাংশ, ২০১৫-১৬ হিসাব বছর ৪৫০ শতাংশ এবং ২০১৪-১৫ হিসাব বছর ৪২৫ শতাংশ লভ্যাংশ দেয়।

তার আগে পুঁজিবাজারে তালিকাভুক্তির পর প্রথম হিসাব বছর ২৫ শতাংশ, ২০১০-১১ হিসাব বছর ৪৫ শতাংশ, ২০১১-১২ হিসাব বছর ১০০ শতাংশ ও ২০১২-১৩ হিসাব বছর ১৫০ শতাংশ লভ্যাংশ দেয় ম্যারিকো বাংলাদেশ। ৩১ কোটি ৫০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানি ম্যারিকোর মোট শেয়ারসংখ্যা ৩ কোটি ১৫ লাখ।