এপ্রিলে বাড়িতে থাকা শ্রমিকরা পাবেন বেতনের ৬০ শতাংশ

করোনাভাইরাস সৃষ্ট অচলাবস্থার মধ্যে এপ্রিল মাসে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি তারা বেতন-ভাতার ৬০ শতাংশ পাবেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। গতকাল বুধবার রাজধানীর শ্রম ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এপ্রিলে বাড়িতে থাকা শ্রমিকরা পাবেন বেতনের ৬০ শতাংশ

নিয়ে অচলাবস্থা কাটাতে গত মঙ্গলবার কারখানা মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্নুজান সুফিয়ান। এর ধারাবাহিকতায় গতকাল শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মন্নুজান সুফিয়ান বলেন, ‘মালিক, শ্রমিক ও সরকার পক্ষ ঈদের পূর্বেই যাতে বেতনসহ অন্যান্য সুবিধা শ্রমিকদের দেয়, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন আপাতত আমাদের দুটি সিদ্ধান্ত হয়েছে মে মাসের মধ্যে কোনো শ্রমিক ছাঁটাই হবে না, লে-অফ  হবে না এবং এপ্রিল মাসে কাজে যোগদান করে যেসব শ্রমিক কাজ করেছেন তারা পুরো বেতন-ভাতাদি পারেন। যারা বর্তমান পরিস্থিতির কারণে করতে পারেননি, তারা বাড়ি বসে বেতন-ভাতার ৬০ শতাংশ পাবেন।’

এর আগে শ্রম প্রতিমন্ত্রী মালিকদের উদ্দেশে বলেছিলেন, যারা করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে কারখানা লে-অফ ও শ্রমিক ছাঁটাই করবেন তারা সরকারি প্রণোদনার অর্থ পাবেন না। তবে মন্নুজান সুফিয়ানের এমন হুঁশিয়ারির মধ্যে বন্দরনগরী চট্টগ্রাম ও ঢাকায় এরই মধ্যে কয়েকটি কারখানা লে-অফ (বিশেষ পদ্ধতিতে বন্ধ) করা হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভও করেছেন।