ত্রাণ অনিয়মে বরখাস্ত আরও ৪ জনপ্রতিনিধি

ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগে আরও একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও তিনজন ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গতকাল বুধবার স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানিয়েছে।

গতকালের ওই চারজনসহ মোট ৩৯ জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে ১৬ জন ইউপি চেয়ারম্যান, ২২ জন ইউপি সদস্য এবং একজন জেলা পরিষদ সদস্য। নতুন করে সাময়িক বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হলেন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টৈটং ইউপির জাহেদুল ইসলাম চৌধুরী।

আর বরখাস্ত হওয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলো নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউপির ৮নং ওয়ার্ডের মো. বাচ্চু মিয়া, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউপির ৭নং ওয়ার্ডের মো. শরিফুল ইসলাম এবং দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউপির ৯নং ওয়ার্ডের মো. হাবিবুর রহমান।