নিজের প্রতিবন্ধী ভাতার টাকা ত্রাণ তহবিলে দিলেন বাদশা

নিজের প্রতিবন্ধী ভাতার টাকা বরিশাল সিটি করপোরেশনের ত্রাণ তহবিলে জমা দিয়েছন মো. বাদশা খান। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে ৫ হাজার টাকা টাকা তুলে তিনি। বাদশা খান বলেন, ‘প্রতিবন্ধী হিসেবে আমি প্রতি মাসে ৬০০ টাকা ভাতা পাই। ৫ মাসের তিন হাজার টাকা প্রথম রমজানে ব্যাংক থেকে উত্তোলন ও জমানো আরও ২ হাজার মিলে ৫  হাজার টাকা ত্রাণ তহবিলে জমা দিয়েছি।’

বাদশা খান আরও বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র বরিশাল নগরবাসীর মধ্যে যারা নিম্ন আয়ের মানুষ তাদের খাবার দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে অর্ধ লাখ নিম্ন আয়ের পরিবারকে খাবার তুলে দিয়েছেন। প্রতিদিন এ কাজে বিপুল পরিমাণ টাকা ব্যয় হচ্ছে। সেই ব্যয় বহনের জন্য মেয়র ত্রাণ তহবিল গঠন করেছেন। আর তাকে সহযোগিতা করার জন্য নিজের হাতে থাকা সবটুকু সেই ত্রাণ তহবিলে দান করেছেন। একই সঙ্গে বাদশা নগরীর বিত্তবানদের নগরীর নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় বাদশা স্ত্রী, কন্যা, মা-ভাইদের সঙ্গে থাকেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।

প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, বাদশা বরিশালবাসীর গর্ব। শারীরিক প্রতিবন্ধী হয়েও তিনি যে কাজটি করেছেন তা বাকি সবার জন্য অনুকরণীয়। মেয়র মহোদয় বাদশার এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার প্রতি কৃতজ্ঞতা জানান। বাদশার মতো সবাইকে ত্রাণ তহবিলে সহায়তাদানে এগিয়ে আসার আহ্বান জানান।

৬ এপ্রিল মেয়র নিজ উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে নিজের এ পর্যন্ত প্রাপ্য সব ভাতাদিসহ মোট ৩৫ লাখ ৫৪ হাজার টাকা তহবিলে প্রদান করেন। এ ছাড়া মেয়রের আহ্বানে সাড়া দিয়ে আরও কয়েকজন অর্থ প্রদান করেন। সব মিলিয়ে বুধবার পর্যন্ত তহবিলে ১ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা জমা পড়েছে।