টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ক ক্যালিফোর্নিয়ার করোনাজনিত লকডাউনকে ‘স্বৈরাচারী’ পদক্ষেপ বললেন। তার মতে, জনসাধারণকে জোর করে ঘরবন্দী করে রাখা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, বুধবার সিলিকন ভ্যালির অন্যতম ধনকুবের এই সব কথা বলেন।
মাস্কের মতে, জোর করে ঘরে রাখা গণতন্ত্র ও স্বাধীনতার পরিপন্থী। একে সংবিধানিক অধিকারবিরোধী উল্লেখ করে মানুষকে স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার কথা বলেন।
যথাযথ সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে লকডাউন তুলে দেওয়ার আহ্বান করেন তিনি।
উল্টো দিকে টেক্সাসের প্রশংসা করেছেন এলন মাস্ক। যুক্তরাষ্ট্রের এ রাজ্যে করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে কিছু নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে।
এ দিকে করোনা নিয়ে যুক্তরাষ্ট্রের সবশেষ আপডেটে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২,৫০২ জনের। যা আগের দিনের চেয়ে ২৯৫ জন বেশি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ মৃতের সংখ্যা ছিল ২,২০৭ জন। এর আগের দিন ছিল ১,৩৩০ জন।
মৃতের তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৮৫৩ জন! আক্রান্তের তালিকায়ও শীর্ষে যুক্তরাষ্ট্র। ১০ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে।