কমলগঞ্জে ব্যাংক কর্মকর্তা ও আনসার সদস্যের করোনা শনাক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার এক কর্মকর্তা ও এক আনসার সদস্য। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা ও হবিগঞ্জের লাখাই উপজেলায়। তারা কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভাড়া বাসায় থাকতেন। 

শুক্রবার বিকালে মৌলভীবাজার সিভিল সার্জনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

করোনা আক্রান্ত সোনালী ব্যাংক ভানুগাছ শাখার কর্মকর্তাকে ভানুগাছ ১০ নম্বর গলির আল-আমীন ভবনের তৃতীয় তলার ভাড়া বাসা লকডাউন করে একটি কক্ষে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

অন্যদিকে আনসার সদস্যকে ভানুগাছ বাজারে তার ভাড়া বাসা লকডাউন করে তাকে একটি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। উভয়ের পরিবার সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, কমলগঞ্জ থেকে এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সবগুলোর ফলাফল নিগেটিভ ছিল। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় মৌলভীবাজারের সিভিল সার্জন তাকে জানিয়েছেন নতুন ফলাফলে কমলগঞ্জের ভানুগাছ বাজার শাখা সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও একই শাখার আনসার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তবে তারা কিভাবে আক্রান্ত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক দেশ রূপান্তরকে জানিয়েছেন, তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হয়েছেন। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাইন করেছেন।